29/01/2026
আরণ্যক কখনোই একটা প্রফেশনাল বুকস্টোর ছিলো না। কয়েকজন বইয়ের জগতে নিমজ্জিত হওয়া ব্যক্তির সম্মিলিত শখের বহিঃপ্রকাশ ছিলো এই আরণ্যক। বই বিক্রি করে টাকা কামানোর বদলে আরণ্যকের উদ্দেশ্য ছিলো বইপ্রেমী মানুষের নিকট তাদের শখের বইগুলো নিরাপদে পৌঁছে দেয়ার একটি মাধ্যম। আরণ্যকের এই দীর্ঘ যাত্রায় শুরু থেকে শেষ অব্দি অনেকেই যুক্ত ছিলেন। কেউ থেকে গেছেন এখনো ভালোবেসে কেউ মাঝপথে চলে গেছে নিজের জীবনের নতুন উদ্দেশ্যে। তাদের সকলের প্রতি আরণ্যকের কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
সবকিছুর পরও আরণ্যকের এডমিন দুইজন ছিলেন শেকড় হয়ে। মাটি আঁকড়ে পরে থাকার মতো থেকে গেছেন সর্বদা শত ব্যস্ততার মাঝে ও। কিন্তু সময় বদলায়, সাথে বদলায় জীবন, পরিস্থিতি এবং উদ্দেশ্য। শখটা রয়ে গেলেও সময়টা বড্ড অপরিচিত মনে হয়। জীবনের প্রতিটি পদে পদে জীবনবৃক্ষের শাখা প্রসারিত হতে হতে এমন হয়ে যায় যে শখের শাখাটা কখন অতি অবহেলায় মাটিতে এলিয়ে পরে বোঝা যায় না কিংবা বুঝলেও কিছু করা যায় না। হয়তো তাই আজকে বলতে হচ্ছে , আরণ্যকের এক এডমিন নিজের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করায়, নিজেকে নতুনভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়ার আশায় তার একান্ত শখের এবং ভালোবাসার " আরণ্যক " থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আর কখনো তাকে আরণ্যকে পাবো না এটাই তিনি নিশ্চিত করেছেন।
আমাদের আরও একজন এডমিন, নিজেকে পরিবারে এবং নিজের জন্য নিজেকে সময় দেয়ার দরুন আরণ্যক এবং বই জগৎ থেকেই নিজেকে বিচ্ছিন্ন করেছেন। তার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত কষ্টদায়ক হলেও তিনি এটাই করেছেন এবং এরপর থেকে তিনি আরণ্যকে আর কখনোই ফিরবেন না।
এডমিনদের অনুপস্থিতি প্যানেলের বাকি সদস্যদের মনোবলে বিরাট ধাক্কা দিয়েছে এবং তারা আরণ্যককে সামলানোর জন্য পর্যাপ্ত নয় বলে এই পর্যায়ে আরণ্যক বেশ কিছু সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে নতুন প্যানেল গঠন করে, নতুন মানুষদের দায়িত্বে আরণ্যক অবশ্যই সচল হবে। হয়তো কারো শখের আরণ্যক তখন প্রফেশনাল বুকস্টোর হবে নতুন প্যানেলের হাত ধরে। কিন্তু প্রাক্তন প্যানেলের কাছে আরণ্যক অবশ্যই সবসময় ঋণী থাকবে ভালোবাসাময় একটা প্লেস তৈরি করার জন্য।
যেহেতু, পেইজ চালু করা হলে নতুন প্যানেলের মাধ্যমে নতুনভাবে শুরু হবে, তাই এখনো অব্দি পেইজে যাদের বাকি/বই লেনদেনের কাজ বাকি রয়েছে, তারা কাজ সম্পন্ন করে নিবেন। আগামী ১মাসের মধ্যে সকল বাকি পরিশোধ করে সকলের জমা থাকা বই নিজ নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ বাকি পরিশোধ না করলে, এরপর পেইজে এসে জমা থাকা বইয়ের দ্রুত তাগাদা করতে পারবেন না। কেবলমাত্র নতুন প্যানেল পুরনো এডমিনদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ সুবিধামতো জমা থাকা বইগুলো পাঠকের ঠিকানায় পাঠাবেন। তাই পেইজের সকল পাঠকের কার্যক্রম আগামী ১মাসের মধ্যে মিটমাট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো