13/12/2024
সাদা সোনা খ্যাত চিংড়িসহ মাছ উৎপাদনে একটি সম্ভাবনাময় জেলা বাগেরহাট। এ জেলায় উৎপাদিত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কিন্তু মাছচাষে সম্ভাবনার প্রধান অন্তরায় ছিল পদ্মা নদী। পদ্মাপাড়ে ফেরির জন্য পোনা ও মাছ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। পদ্মা সেতু চালুর ফলে এই দুর্দশা আর থাকছে না। স্বপ্নের পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে দক্ষিণের জেলা বাগেরহাটে মাছচাষে আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাটে গলদা ও বাগদা চিংড়ি থেকে শুরু করে ইলিশ, ভেটকি, পারশে, টেংরা, রুই ও কার্পজাতীয়সহ এমন কোনো মাছ নেই যা পাওয়া যায় না। খাল-বিল, নদী-নালা, হাওর-বাঁওড় এমনকী প্লাবনভূমিতেও মাছচাষ হয়। বঙ্গোপসাগর থেকে ইলিশসহ সামুদ্রিক মাছ শিকার করেন জেলেরা।