02/01/2026
আমি Safe Harvest Foods কেন শুরু করেছি — একটা ব্যক্তিগত কথা
আমি Safe Harvest Foods শুরু করেছি কোনো বড় ব্যবসা করার জন্য না।
আমি শুরু করেছি একজন বাবা হিসেবে।
এক সময় খেয়াল করলাম—বাজার থেকে যা কিনে আনছি, সেটা আমার বাচ্চাদের খাওয়াতে গিয়ে নিজের মনেই ভয় লাগে। এই মুরগি কী খেয়েছে, কী ওষুধ দেওয়া হয়েছে, কত দিনে বড় করা—কিছুই জানা নেই। তখন ভাবলাম, যদি নিজের বাসায়, নিজের হাতে একটু একটু করে করি?
সেখান থেকেই শুরু।
নিজের জন্য মুরগি পালা, নিজের জন্য ডিম, নিজের জন্য শাক–সবজি। কোনো তাড়াহুড়া নেই, জোর করে মোটা করার চেষ্টা নেই। মানুষের বাচ্চার মতোই যত্ন—খাবার, পানি, অসুস্থ হলে আলাদা রাখা।
কুরবানিতে দুইটা গরু কেন লাগে, সেই চিন্তা থেকে গরু পালেছি দুই–তিন বার। বাচ্চা হওয়ার আগে আকিকার কথা ভেবে ছাগলও পালেছিলাম। মজার ব্যাপার হলো—তখনো জানতাম না ছেলে হবে না মেয়ে। একবার তো চারটা মা ছাগল পেলাম, আর সেখান থেকে দশটা বাচ্চাও হলো।
আমি যেটা নিজের বাচ্চাদের খাওয়াতে সাহস পাই, সেটাই শুধু রাখি।
করতে করতে দেখলাম—ফলন বেশি হচ্ছে। শাক–সবজি, ডিম, মাঝে মাঝে মুরগি—নিজের খাওয়ার পরেও থেকে যাচ্ছে। তখন বন্ধু, আত্মীয়দের দিতে শুরু করলাম। কেউ খেয়ে বলল, “টেস্ট আলাদা।” কেউ বলল, “এটা বাজারের মতো না।”
তখন বুঝলাম—হয়তো এটা শুধু আমার একার গল্প না।
আরো অনেক বাবা–মা আছেন, যারা দাম কম–বেশি না দেখে আগে ভরসা খোঁজেন।
Safe Harvest Foods আসলে কোনো বড় ব্র্যান্ড না।
এটা একটা ছোট, ধীরে চলা চেষ্টা—যেখানে আগে নিজের পরিবার, তারপর অন্যদের পরিবার। আমি খুব বেশি লাভ চাই না। ১০% লাভ হলেই চলবে, যদি তাতে আমার বাচ্চাদের মাসের খাবারটা নিশ্চিত থাকে।
এই পেজে আমি ধীরে ধীরে আমার এই যাত্রাটাই শেয়ার করব।
বড় কথা না, বড় দাবি না—শুধু সোজা, নিরাপদ খাবারের গল্প।