15/06/2026
লেখাটা একটু বড় কষ্ট করে পুরোটা পড়ার অনুরোধ করছি
আসসালামু আলাইকুম।
আমি আয়শা, আপনাদের প্রিয় জুঁইফুলের ওনার।
আজ আমি আমার জীবনের কিছু কঠিন বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে আমি আমার এই ছোট্ট পেজটাকে নিজের সন্তানের মতো ভালোবেসে গড়ে তুলেছি। ব্যক্তিগত জীবন আর কাজের জায়গাকে সবসময় আলাদা রাখার চেষ্টা করেছি এবং কখনোই একটার প্রভাব অন্যটার উপর পড়তে দেইনি।
আমার বিবাহিত জীবনের বয়স তিন বছর। এই সময়টাতে আমি অনেক মানসিক কষ্ট ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। তবুও সংসারের বড় বউ হিসেবে নিজের দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি। পরিবারের দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের ব্যবসাটাকেও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
গত ৩১ তারিখ আমি জানতে পারি যে আমার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত। এটি প্রথমবার নয়; এর আগেও এমন ঘটনা ঘটেছে। তখন অনেক কষ্ট পেয়েও সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমি বারবার সবকিছু মেনে নিয়েছিলাম।
কিন্তু এবার পরিস্থিতি আমার সহ্যের সীমা অতিক্রম করেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, তার পরিবারের সদস্যরাও এই সম্পর্ককে সমর্থন ও সহযোগিতা করেছে। এমনকি ঈদের দিন সেই মেয়েকে তারা নিজেদের বাসায় নিয়ে গেছে।
ঘটনাগুলো জানার পর আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রমাণসহ একটি পোস্ট করি। এরপর থেকেই আমাকে পোস্টটি মুছে ফেলার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া শুরু হয়। আমি পোস্টটি মুছে ফেলতে রাজি না হওয়ায় আমার স্বামী আমার এবং আমার বোনের ব্যবসায়িক পেজের ক্ষতি করার চেষ্টা শুরু করে। বিভিন্ন পেজে আমাদের নামে অপমানজনক মন্তব্য করা, কাস্টমারদের ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ কথা ছড়ানো—এসব কাজ সে নিয়মিত করে যাচ্ছে।
তবে এই কঠিন সময়ে আমি আপনাদের অনেকের কাছ থেকে যে ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আপনারা অনেকেই এসব বিষয়ে আমাকে জানিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সাহস জুগিয়েছেন। আপনাদের এই আস্থা আমার জন্য অনেক বড় শক্তি।
আমি কখনোই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এই পেজে কথা বলতে চাইনি। কিন্তু যখন বিষয়টি আমার কাজ, আমার পেজ এবং আমার সম্মানকে লক্ষ্য করে চলমান হয়রানিতে রূপ নিয়েছে, তখন আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি।
আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যদি কোনো অস্বস্তিকর মেসেজ বা পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি বর্তমানে জীবনের অত্যন্ত কঠিন একটি সময় পার করছি। আমার কষ্ট বা অনুভূতি পুরোপুরি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু এতটুকুই বলবো—আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দান করেন।
ধন্যবাদ সবাইকে, আমার পাশে থাকার জন্য।
প্রমান স্বরূপ আমি নিচে কিছু ছবি এড করে দিচ্ছি