05/11/2025
বগুড়ার গাবতলীর পুত্রবধূ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।
নেতাকর্মীরা দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর অঙ্গীকার করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে গাবতলীকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।
ইতিমধ্যে এই আসনে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। নেতাকর্মীদের মুখে নতুন স্লোগান শোনা যাচ্ছে: ‘পুত্রবধূ খালেদা, গর্ব মোদের আলাদা।’ বেগম খালেদা জিয়া এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।