12/01/2026
বাসায় সি সি টিভি লাগানোর পর আব্বাকে বললাম। আব্বা বাসার বাইরে লিখে টানিয়ে দাও যে, " সিসিটিভি দ্বারা সংরক্ষিত না কি জানি লিখে ওগুলা লিখে দাও, চোর টোর কম আসবে"
" আরে নাহ। কয়দিন একটু দেখি ঘটনা কী, মানুষ কি করে। ভূত টুত আসে কিনা। রাতে নাকি বিভিন্ন জায়গায় বাঘ আসতেছে, এগুলা তো লেখা দেখলে আর আসবেনা। পরে আস্তে ধীরে দিব নি। "
স্বাভাবিকভাবেই নতুন জিনিসের জন্য বাসায় তুমুল উত্তেজনা ছিল। চারটা লাইন ছিল। বাসার ভেতরে একটা বাইরে বিভিন্ন লোকেশনে তিনটা।আব্বা সারাদিন রাত সিসিটিভি দেখত। আব্বা আম্মা একবার ঢাকায় ইমুর বাসায় গেলো। তার টাংগাইলের বাসায় আমি।
সন্ধ্যা রাতে আমি আর আমার পুত্র ডাইনিং স্পেসে খেতে বসেছি। আর আব্বা ফোন দিয়ে সে কি হাসি,
" এত খাস কেন? খাওয়া শেষ কর। কচুর তরকারি রানছস। কচু কত খাওয়া যায়?"
মানে সি সি টিভি তে দেখে হাসতেছে। আমি রাগ করে ফোন রাখব সে রাখবে না। সে দেখবে আর কথা বলবে। খিক খিক করে আমাদের খাওয়া দেখতেছে।সন্ধ্যা ৭ টা ৩০ থেকে সন্ধ্যা ৭ টা ৪৭ আমরা কথা বললাম।
মজার ব্যাপার হল রাত ৯ টায় আমরা টের পেলাম আমাদের বাসার পানির মোটর চুরি হয়েছে। সিসিটিভিতে দেখা গেল। ঠিক সন্ধ্যা ৭ টা ৩২ এ বাসায় চোর ঢুকে আমাদের পানির মোটর চুরি করে নিয়ে গেছে। মানে আব্বা তখন আমাদের সাথে মশকরা করতেছে।।
আব্বা চুরির বিষয়টা শুনে বলল,
"সবই আল্লাহর কুদরত। আল্লাহ চায়নাই আমি তার রিজিকে হাত দেই। "
"আল্লাহর ওয়াস্তে ঘরের ভেতরের সিসিটিভি বাদ দিয়ে বাইরে নজর রাখো আব্বা।"
এরকিছু দিন পর আমার জন্য একটা তীব্র লজ্জাজনক ঘটনা ঘটল। তিনতলা বাসার সব ফ্ল্যাটের বাসার জুতা চুরি হয়েছে।।সবাই আমাদের বাসায় এসেছে। সব ভাড়াটিয়াদের নিয়ে সিসিটিভি চেক করতেছি।
চোর এক ব্যাগ নিয়ে নিচতলা থেকে দোতলায় আসল।দোতলায় এক পাশে আব্বা, একপাশে আমি থাকি। আব্বার শু র্যাক থেকে আব্বার নতুন এক জোড়া জুতা নিল।আর আমার শ্যু র্যাক থেকে আমার জুতা হাতে নিয়ে চেক করে দেখে রেখে দিল।
হ্যা আমার জুতা নিলোনা।
এত গুলা মানুষের সামনে আমার জুতা টা চোর রেখে গেলো। আব্বা কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বলল,
"জুতার যত্ন করা লাগে, জুতার যত্ন না করলে নিবে কেন? আমার টা দেখ কেমন তাত্তাড়ি করে ঢুকাইলো।তোদের তো কিছুই শিখাইতে পারিনাই"
আব্বার জুতা নেয়ায় গর্বে তার চেহারা প্রস্ফুটিত হয়ে উঠল। পুরা দোতলা থেকে তার জুতা সিলেক্ট হইছে, এই কথা সে পুরা পাড়ায় বলে বেড়ালো।
আর আমি যখন চীনে গেলাম।আমার আব্বা আম্মা কে রেখে গেলাম ইমুর বাসায়। এমন সময় একদিন হাহাকার। বাসা থেকে ফোন করলো তিনতলার ভাই। আমাদের বাসায় চুরি হয়েছে। আমাকে চীনে ফোন করে জানালো কারণ আব্বা শুনলে হয়ত ধাক্কা খাবে। উনারা বাসায় গিয়ে পুরো এলোমেলো বাসার ভিডিও করে পাঠালো।
আমি আব্বাকে জানালাম। আব্বা বলল,
"আমি তো জানি"
" কে বলল তোমাকে?"
" আমি নিজেই তাহাজ্জুদ পড়তে উঠে সিসিটিভি তে দেখলাম।চোর ঢুকছে বাসায়"
"তারপর? "
"তারপর আর কী মায়া লাগলো ওদের জন্য। কী নিবে বল? বাসায় তো কিছুই নাই। সোনাদানা টাকা পয়সা কিছুই তো বাসায় না। বেচারারা ওভেন ধরতে গিয়ে আর্থিং এর জন্য খাইলো শক, ওভেন নিতে পারল না। টিভি তো নষ্টই। আলমারি খুলে কাপড় নিত কিন্তু বাসার কারো তো সাইজ ভালো না।তরা কয়েকজন মোটা, তোর আম্মা শুকনা। কিছুই নিতে পারেনাই। বেচারারা! "
" ওহ, তাইলে আর কী!"
" নাহ উপকার হইছে। অন্য চোরদের গিয়ে বলবে বাসায় কিছুনাই। আর শোন তোরা একটু ওয়েট কমা বুঝছস, গরীব মানুষগুলা রাত করে আসে। ভিক্ষা তো করেনা, কাজ করে খায়!"
©