31/07/2026
একমুঠো অঙ্কুরিত মেথিই মহৌষধি গুণে ভরা! সুগার নিয়ন্ত্রণ ছাড়া আরও কী উপকার করে এই দানা জেনে নিন।
সাধারণ মেথিদানার থেকে অঙ্কুরিত মেথির পার্থক্য রয়েছে। মেথি যখনই অঙ্কুরিত হতে শুরু করে, সেটি শরীরে পুষ্টির শোষণ বাড়াতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি বলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে।
সাধারণ মেথিদানার থেকে অঙ্কুরিত মেথির পার্থক্য রয়েছে। মেথি যখনই অঙ্কুরিত হতে শুরু করে, সেটি শরীরে পুষ্টির শোষণ বাড়াতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে বলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। মধুমেহ চিকিৎসক আশিস মিত্র বলছেন, ‘‘সারারাত ভেজানো মেথির জল খেলে ব্লাড সুগার কমে, কোলেস্টেরল কমে, পাশাপাশি ব্লাড পেশার কমে এবং পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমার মতে, প্রাতরাশ এবং দুপুরে খাওয়ার মাঝে খেলে বেশি ভাল। আর অঙ্কুরিত হলে তাতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে। ফলে বাড়তি সুবিধা পাওয়া যায়। শরীরের প্রদাহ কমতে পারে বলে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে অঙ্কুরিত মেথি খেলে।’’ তাঁর পরামর্শ, অনেকেই সকালে খালি পেটে এগুলি খান। কিন্তু তিনি জানাচ্ছেন, খানিক বেলা হলে অঙ্কুরিত মেথি খেলে বেশি উপকার মিলবে।
এর উপকারিতা কী কী?
১. অঙ্কুরিত মেথিদানায় দ্রবণীয় ফাইবারের পরিমাণ বেশি থাকে। এই ফাইবার কার্বোহাইড্রেটের হজম ও গ্লুকোজ় শোষণের গতি কিছুটা কমিয়ে দেয়। ফলে খাওয়ার পর রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। অঙ্কুরিত হওয়ার ফলে মেথিদানার কিছু পুষ্টি উপাদান শরীরের পক্ষে গ্রহণ করাও তুলনামূলক সহজ।
২. মেথিদানায় গ্যালাক্টোম্যানান নামে একটি বিশেষ ধরনের দ্রবণীয় ফাইবার এবং ফোর-হাইড্রক্সি আইসোলিউসিন নামে একটি প্রাকৃতিক উপাদান রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদানগুলি শরীরের ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ায় এবং গ্লুকোজ় শোষণের গতি কমাতে সাহায্য করতে পারে। তবে এই বিষয়ে আরও বৃহৎ পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে।
৩. চিকিৎসকদের মতে, দুপুরে খাওয়ার আগে অঙ্কুরিত মেথিদানা খাওয়ার সুবিধা হল, এতে পেট কিছুটা ভর্তি থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। এটি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পরোক্ষ ভাবে উপকারী হতে পারে, যা ডায়াবিটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. অঙ্কুরিত মেথি বদহজমের সমস্যা কমাতে পারে। পাশাপাশি, ফাইবারের পরিমাণ বেশি থাকে বলে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্যও জনপ্রিয় এটি।
কতখানি খাবেন?
চিকিৎসকের পরামর্শ, দিনে ১ টেবিলচামচ অঙ্কুরিত মেথি খাওয়া যেতে পারে। বেশি খেলে পেটের সমস্যা, বদহজম হওয়ার ঝুঁকি তৈরি হয় অনেকের।
কী ভাবে অঙ্কুরিত মেথি বানাবেন?
বাড়িতেই সহজে অঙ্কুরিত মেথিদানা তৈরি করা যায়। প্রথমে মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পর দিন জল ঝরিয়ে একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে ২৪-৪৮ ঘণ্টা রেখে দিন। অঙ্কুর বেরিয়ে এলে তা খাওয়া যায়। তবে পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি, কারণ অস্বাস্থ্যকর পরিবেশে অঙ্কুরিত খাবারে জীবাণু জন্মাতে পারে।