14/05/2026
ধৈর্য ধরুন, অভিযোগ করবেন না। কারণ আল্লাহর ফয়সালা কখনোই অকারণ নয়। তাঁর প্রতিটি সিদ্ধান্তেই লুকিয়ে থাকে গভীর হিকমত।
CTG Barakah Mart
এক দেশে এক অহংকারী রাজা ছিলেন, যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করতেন। তার দরবারে একজন অত্যন্ত বুদ্ধিমান ও আল্লাহভীরু উজির ছিলেন।
একদিন রাজা তার প্রাসাদে বসে ফল কাটছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ছুরির আঘাতে তার আঙুল কেটে যায়। মুহূর্তেই রক্ত বের হতে শুরু করল। রাজা ব্যথায় কাতর হয়ে বেশি অস্থির হয়ে পড়লেন।
উজির এসে বললেন,
“জাহাঁপনা, এতে চিন্তার কিছু নেই। হয়তো এর মধ্যেই আল্লাহ আপনার জন্য কোনো কল্যাণ রেখেছেন।”
এ কথা শোনে রাজার অহংকার ও রাগে আগুন জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন,
“আমার আঙুল কেটে রক্ত ঝরছে, আর তুমি বলছ এতে কল্যাণ আছে? এটা কি রসিকতা?”
তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন,
“এই বেয়াদব উজিরকে জেলে পাঠাও!”
উজির কোনো প্রতিবাদ করলেন না। শুধু বললেন,
“জাহাঁপনা, এতেও নিশ্চয়ই আমার জন্য কল্যাণ আছে।”
একদিন রাজা একা শিকারে বের হলেন। পথ হারিয়ে তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে একদল অজানা বন্য জাতি তাকে ধরে ফেলল। তারা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন। তারা সিদ্ধান্ত নিল, তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দিতে হবে, আর সেই “ভাগ্যবান” ব্যক্তি হলো রাজা।
তারা রাজাকে বন্দি করে রাখল এবং নির্দিষ্ট দিনে বলি দেওয়ার প্রস্তুতি নিল।
নির্ধারিত দিনে রাজাকে বেদিতে আনা হলো। ঠিক তখনই তাদের পুরোহিত রাজাকে ভালোভাবে দেখে হঠাৎ থেমে গেল। সে রাজার হাতের দিকে তাকিয়ে বলল,
“থামো! এই মানুষকে বলি দেওয়া যাবে না।”
লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?”
পুরোহিত বলল,
“আমাদের নিয়ম অনুযায়ী, যাদের শরীরে কোনো দাগ বা খুঁত নেই, তাদেরই বলি দেওয়া হয়। কিন্তু এই লোকের আঙুল কাটা—এটি একটি খুঁত। তাই সে উপযুক্ত নয়।”
ফলে রাজাকে ছেড়ে দেওয়া হলো। তিনি প্রাণে বেঁচে গেলেন এবং নিরাপদে নিজের রাজ্যে ফিরে এলেন।
প্রাসাদে ফিরে এসে রাজা সঙ্গে সঙ্গে উজিরকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দিলেন। তিনি নিজেই গিয়ে উজিরের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন,
“তুমি সত্যিই ঠিক বলেছিলে। আমার আঙুল কাটার মধ্যেই আল্লাহর হিকমত ছিল। সেই দাগের কারণেই আজ আমি বেঁচে গেছি।”
তারপর রাজা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন,
“আমি তো বুঝলাম আমার আঙুল কাটার উপকার। কিন্তু তোমাকে আমি জেলে পাঠালাম! এতে তোমার কী কল্যাণ হলো?”
উজির মৃদু হেসে বললেন,
“জাহাঁপনা, যদি আপনি আমাকে জেলে না পাঠাতেন, তাহলে আমি আপনার সাথেই শিকারে যেতাম।”
আপনাকে তো বলির জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু আঙুল কাটা থাকায় আপনি বাদ পড়েছেন। অথচ আমার শরীরে কোনো খুঁত নেই। তাই যদি আমি আপনার সাথে থাকতাম, তাহলে আপনাকে না নিয়ে আমাকে বলি দিত।”
এই কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, তার অহংকার কতটা ভুল ছিল।
দুজনেই তখন একসাথে স্বীকার করলেন,
মানুষ যা ক্ষতি মনে করে, আল্লাহ তার মধ্যেই অদৃশ্য কল্যাণ লুকিয়ে রাখেন।
আমরা জীবনে অনেক সময় তাৎক্ষণিক কষ্ট, দুঃখ বা ব্যর্থতা দেখে হতাশ হয়ে পড়ি। কিন্তু সময়ের পর্দা সরলে বোঝা যায়,যা আমরা ক্ষতি ভেবেছিলাম, সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় রক্ষা ছিল।
ধৈর্য ধরুন, অভিযোগ করবেন না। কারণ আল্লাহর ফয়সালা কখনোই অকারণ নয়। তাঁর প্রতিটি সিদ্ধান্তেই লুকিয়ে থাকে গভীর হিকমত।
--- আল্লামা জালালুদ্দীন রুমী রহ.
© Salman Farsi