08/09/2025
ষোলনলে আ'লা হযরত মডেল মাদরাসার উদ্যোগে জসনে জুলুস ও আলোচনা
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুছ ও আলোচনা সভার আয়োজন করেছে আ’লা হযরত মডেল মাদরাসা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ জুলুছকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জসনে জুলুছ বের করা হয়। র্যালিটি বাবুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মাদরাসা প্রাঙ্গণে ফিরে আসে। এ সময় অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সা.)-এর প্রশংসামূলক স্লোগান দেন এবং নাত পরিবেশনের মাধ্যমে জুলুছকে প্রাণবন্ত করে তোলেন।
এসময়, মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আল আমিন রেজা কাদেরী বলেন, প্রত্যেক মুমিনের জন্য ঈদ উ মিলাদুন্নবী (সা.) উদযাপন করা একটি বড় ইবাদত। আল্লাহ তা'য়ালা নিজেই কুরআনে বলেছেন, তোমরা যদি তাঁর কাছ থেকে কোনো নিয়ামত পাও, তবে সেটাকে আনন্দ ও কৃতজ্ঞতার মাধ্যমে উদযাপন করো, শোকরিয়া আদায় করো। নবী (সা.) এর আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাই এই আয়োজনে আমরা নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় মাদরাসার পরিচালক মাওলানা এম এ মামুনুর রশিদ মিরপুরি বলেন, রবিউল আউয়াল মাস হচ্ছে ঈমানদারদের মাস। কারণ এ মাসেই দয়াল নবী (সা.) পৃথিবীতে আগমন করেছেন। যদি তাঁর আগমন না হতো, তবে কোনো নবুওত কিংবা রিসালাত পৃথিবীতে প্রকাশিত হতো না। তাই এই মাসে আমাদের আনন্দের কোনো সীমা নেই।
পরে, জুলুছ শেষে মাদরাসা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী, সুন্নত ও মানবতার বার্তা তুলে ধরেন। তারা বলেন, আজকের পৃথিবী যখন অশান্তি ও বিভ্রান্তিতে ভুগছে, তখন মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শই হতে পারে শান্তি ও মুক্তির একমাত্র পথ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লা হযরত মডেল মাদরাসার উপদেষ্টা ডা. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন, মাদরাসার সভাপতি ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীজি (সা.) এর আগমনবার্তা উদযাপনে শরিক হন।