21/05/2025
পাঠাও'র ভাড়া দিতে গিয়ে দেখলাম, আমার ওয়ালেটে দুইটা ৫০০ টাকার নোট। আমি খানিকটা বিস্মিত হলাম। মাথা চুলকাই আর ভাবি-- আমার ওয়ালেটে তো ৫০০ টাকার নোট ছিল মাত্র একটি। সাথে আরো খুচরা দুইএকশ টাকা। আরেকটা ৫০০টাকার নোট তাহলে কোথা থেকে আসলো?
একজন অগোছালো, রাগী আর এলোমেলো স্বভাবের মানুষ আমি। মোটাদাগে এভাবেই মানুষ আমাকে চেনে। কিন্তু এই এলোমেলো মানুষটার পেছনে একজন নারী আছেন, যিনি সযত্নে আগলে রাখেন আমাকে। আমার প্রিয় সহধর্মিণী। যে নারী আমার জীবনে আসার পর থেকে আমার এলোমেলো জীবনে গোছাল ভাব শুরু হয়েছে। নিয়ম করে খাওয়াদাওয়া, স্বাস্থ্যের যত্ন, মনের যত্ন এমনকি আমার ক্যারিয়ার- সবকিছুতে যিনি অকুণ্ঠ সমর্থন দেন, তিনি আমার সহধর্মিণী। আমার স্ত্রী।
এই নারী আমার জীবনে আসার পর থেকে আমি সময়মত ঘরে ফেরা শিখেছি। অফিস শেষ হলে অযাচিত আড্ডা এখন আর আমাকে টানেনা। মনে হয়- কেউ একজন দরজার ওপারে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে।
আমি আর আগের মত রাত জাগি না। খুব নিয়ম করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়া হয়। আমি আর আগের মত খালি পেটে ঘুরি না। খুব যত্নসহকারে আমার খাবার পরিবেশন করা হয়। অসুখ হলে ডাক্তার কাছে না গিয়ে পড়ে থাকার সুযোগ আর আমার জীবনে এখন নেই। আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
আমার ধারণা,, এই যে আমার ওয়ালেটে ৫০০ টাকার একটি বাড়তি নোট। এটা তিনিই রেখে দিয়েছেন গোপনে। সম্ভবত, আমার শূন্য মানিব্যাগ আমার চেয়ে তাকে বেশি উদ্বিগ্ন করে।
বাংলামোটর
২২.১০.২৩
-MDBelayet