22/04/2024
আমার মনে নেই জীবনের প্রথম বন্ধুর নাম, মনে নেই জীবনের প্রথম শত্রু কে ছিল? কাকে জীবনে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, কার সাথে ফুঁকে ছিলাম প্রথম সিগারেট। জীবনের প্রথম চুমু কার ঠোঁটে খেয়েছি, এসব কিচ্ছু মনে নেই। অনেক কিছুই ভুলে গেছি আমি।
দুপুর হলে মনে থাকে না সকালে কি দিয়ে নশতা করলাম, পরিচিত রাস্তা ভুলে মাঝেমধ্যে ভুল পথ অনুসরণ করে হাঁটা ধরি, ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে ভুলে যাই রাতের ঘুমের ওষুধের কথাও; মাঝেমধ্যে খুদ নিজেকেও ভুলে যাই।
শুধু কোনো এক আশ্চর্য বলে তুমি মনে থেকে যাও। কি নিষ্ঠুর ওই মনে থাকা তুমি জানো না। তোমার চোখ, ঠোঁটের পাশের তিল, তোমার হাসি, তোমার বলা, তোমার চলা সবকিছু মনে আছে। আমার হাজার চেষ্টা ব্যার্থ হয়ে যায় এই একটা জায়গাতে এসে। এমনভাবে তুমি মনে থেকে যাও যেন তোমাকে ভুলবার জন্যে গোটা একটা জীবনও যথেষ্ট নয়।
আমার আকুতিমিনতি করে আটকাতে চাওয়া একজোড়া হাত, আমার ভেঁজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় মুখ, আমার ছটপট করতে থাকা হৃদয়, আমার শত মিনতি উপেক্ষা করে তোমার নিষ্ঠুরতম চলে যাওয়া, সিনেমার সিনারির মতো প্রত্যেকটা দৃশ্য আমার স্পষ্ট মনে আছে এখনও। আমি কিছুতেই ভুলতে পারি না ওসব।
আমার বড্ড ছারখার লাগে জীবন। আমি কী করবো? কোথায় যাবো? আমি একটা অদৃশ্য বৃত্তে আটঁকে আছি, ওই বৃত্ত হতে বের হতে পারছি না কিছুতেই।
এখন নিজেরে আমার মনে হয় উঁচু কোন এক দালানের টিভির এন্টেনা'রে আঁটকে থাকা নষ্ট ঘুড়ি, যে বৃষ্টিতে ভিজে- রোধে শুঁকায়, কিন্তু মুক্তি মিলে না।