09/04/2023
বান্দরবানে নব্যমুখোশ-সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যা !
বান্দরবানের রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের জুরভারাং পাড়া থেকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ-সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ ৮ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) রুমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
হত্যার শিকার হওয়া ৭ জনের নাম জানা গেছে। এরা হলেন ১.ভান দু বম, ২. সাং খুম, ৩.সান ফির থাং বম, ৪. বয় রেম বম ৫. জাহিম বম, ৬. লাল লিয়ান ঙাক বম ও ৭. লাল ঠা জার বম। এর মধ্যে ৬ জন জুরভারাং পাড়ার ও ১ জন পানখিয়াং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার সময় নব্যমুখোশ ও সংস্কারপন্থী জেএসএস’র ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জুরভারাং পাড়ায় প্রবেশ করে ফাঁকা গুলি ছোঁড়ে পাড়াবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে সন্ত্রাসীরা একে একে পাড়ার ২২ জন ধরে বেঁধে রাখে। সন্ত্রাসীদের কাছ থেকে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ও কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীও রেহাই পায়নি। এ সময় সন্ত্রাসীরা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
পরে সন্ত্রাসীরা উক্ত ২২ জনকে পায়ে হেঁটে খামতাং পাড়ায় নিয়ে গিয়ে সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দি করে রাখে। গত রাতে সর্বশেষ প্রাপ্ত খবরে অপহৃত ২২ জনের মধ্য থেকে ১৫ জনকে ছেড়ে দেয়ার ও অপর ৭ জনকে বন্দি রাখার তথ্য পাওয়া গিয়েছিল। এ নিয়ে সিএইচটি নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিকে, উক্ত ঘটনায় ভয়ে এলাকার লোকজন রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে।