07/04/2026
মধু জমে গেলে কি সেটা ভেজাল মধু?
মৌমাছি পালনের সঙ্গে চার দশক ধরে যুক্ত একটি পরিবারে আমার বেড়ে ওঠা। ছোট থেকেই মৌমাছি পালক হিসাবে মধু নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। পেশা ও নেশা থেকে এটা নিয়ে অল্প বিস্তর কিছু পড়াশোনাও করেছি। সেগুলোর মিশেলে দীর্ঘদিনের পুরোনো ও জনপ্রিয় এই প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই লেখায়।
যে কোন প্রাকৃতিক মধুই জমে যেতে পারে। নারকেল তেল, ঘি বা মাখনের এর জমা বা কেলাসিত হওয়ার মতোই মধু জমাও একটি প্রাকৃতিক ও স্বাভাবিক ঘটনা। আসলে ছোটবেলাতে একটা খুব প্রচলিত বাক্য “খাঁটি মধু কখনো জমে না” শুনে আমরা বড় হই বলে মধুকে একটু জমতে দেখলেই আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কিন্তু ঘি বা নারকেল তেল জমলে আমরা কিন্তু বিচলিত হইনা। কারণ, আমরা বিশ্বাস করে ফেলতে পেরেছি যে, ঘি বা নারকেল তেল তো জমতেই পারে! কিন্তু মধু কেন জমবে?
মধুর জমে যাওয়া ধর্মের জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। যেমন - মধুতে dextrose নামে উপাদানের আধিক্য, মধুতে Solid Particle এর উপস্থিতি, মধুর তাপমাত্রা কমে যাওয়া, মধুর পাত্রটির দীর্ঘ সময় ধরে নাড়াচাড়া না হওয়া ইত্যাদি ইত্যাদি। এছাড়া কোন ফুলের মধু, সেখানকার মাটির প্রকৃতি, আবহাওয়ার হালচাল, ভূমিরূপ এরকম এক বা একাধিক ফ্যাক্টরের উপর মধুর জমা, জমার ধরণ নির্ভর করে।
অর্থাৎ, মধুর জমে যাওয়া দেখে তার খাঁটিত্ব বা অশুদ্ধি সম্পর্কে কোন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। জমলেই যে খাঁটি তা নয়। আবার না জমলেই যে খাঁটি তাও নয়। মধুতে জমার প্রবণতা আছে এমন বিশেষ কোন অশুদ্ধি মেশানোর কারণেও তা জমে যেতে পারে। আবার, প্রাকৃতিক কারণেই স্বাভাবিক উপায়েই তা জমতে পারে।
এখন, প্রশ্ন আসতে পারে, তাহলে খাঁটি মধু চিনবো কী করে? সোজা উত্তর, খুব উন্নত মানের ল্যাব ছাড়া মধুর খাঁটি ভেজাল নিরুপণের বিশেষজ্ঞ দ্বারা স্বীকৃত কোন পদ্ধতি নেই। তবে দীর্ঘদিন মধু নিয়ে কাজ করছেন এমন পেশাদারদের জিভ কিছুটা ইঙ্গিত দিতে পারে। অথবা, মধু ভালোবাসেন এবং দীর্ঘদিন খাঁটি মধু খাওয়ার অভ্যাস আছে, এমন অভিজ্ঞ মধুপ্রেমীও মধু চেখে কিছুটা পরখ করতে পারেন।
জমে যাওয়ার ধরণ অনুসারে বাংলায় উৎপাদিত মধুকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে।
(১) Crystallisation।
সরিষা বা ইউক্যালিপটাস মধুর জমার ধরণ কিছুটা এই ধরণের। জমলে প্রায় পুরোটাই জমে যায়। জমার ধরণ কিছুটা ডালডার মতো, মোলায়েম। তবে, জমা অংশ হাতে নিয়ে ডলা দিলে ধীরে ধীরে মাখনের মতো গলে যায়।
(২) Granulation।
একটু পুরানো লিচুর মধুর জমার ধরণ কিছুটা এই ধরণের। পুরোটা জমে না। তলার দিকে দানাদার কিছু অধঃক্ষেপ পড়ে। জমার ধরণ আখের গুড়ের ভাড়ের নীচের অংশের মতো, কাঁকুরে, দানাদার। হাতে নিয়ে চাপ দিলে সহজে গলে না।
★ তবে আবহাওয়া, মধুতে অন্যান্য উপাদানের উপস্থিতি ও আরও নানা কারণে এই আচরণের ব্যতিক্রমও হতে পারে।
সুন্দরবনের মিশ্র ফুলের মধুতে dextrose এর উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়ার জন্য, সুন্দরবনের মধুর জমার প্রবণতা খুব কম। মধুর জমে যাওয়া নিয়ে লাগাতার সচেতন করার পরেও আমাদের কিছু উপভোক্তাদের জমে যাওয়া নিয়ে একটা নাক সিঁটকানো ব্যাপার থেকেই যায়। তাই তাদেরকে আমরা সুন্দরবনের মধু সাজেস্ট করি। একেবারে ঝকঝকে সুশ্রী সোনালী-হলুদাভ বা হালকা লালচে তরল। জমে যাওয়ার ঝামেলা কম। যাকে বলে 'বিউটি উইথ ব্রেন'। 🙂
জমে যাওয়া মধু নিয়ে জমে থাকা ভুল ধারণা গলানোর জন্য আমরা আমাদের মধুপ্রেমীদের সরিষা ফুলের মধুর তরল থেকে ধীরে ধীরে কঠিনে রূপান্তরের প্রক্রিয়াটা লক্ষ্য রাখতে বলি। যাতে তাদের এতদিনকার 'কঠিন' ধারণা ধীরে ধীরে গলতে শুরু করে। নীচের ছবিতে কয়েক বোতল জমা সরিষার মধু তুলে ধরা হলো। শীতকালীন প্রাতরাশে চালের বা গমের আটার রুটি, পাউরুটি, স্লাইস ব্রেড, টোস্ট ইত্যাদিতে এই মধু স্প্রেড হিসাবে ব্যবহার করলে মিষ্টি মাখনের মতো অনুভূতি হয়। এই জমা মধুর খাঁটি স্বাদ চেখে দেখার অনুরোধ রইলো।